কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি, ২৫ ভরি সোনা ছিনতাই

Sharmin Sultana Sharmin Sultana ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ AM BST ঢাকা জেলা ২৪ বার পঠিত
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি, ২৫ ভরি সোনা ছিনতাই

collected

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় হযরতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন অন্তর সরকার (২৫) ও তাঁর ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। তাঁদের দুজনেরই পায়ে গুলি লেগেছে। তাঁদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকায়।

আহত অন্তর সরকারের ভাষ্য, হযরতপুর বাজারে তাঁদের একটি জুয়েলারির দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তাঁর বাবা নিতাই সরকার ও ফুফাতো ভাই রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন।

অন্তর সরকার জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটি মোটরসাইকেলে থাকা কয়েকজন এবং একটি সিএনজি অটোরিকশায় থাকা আরও কয়েকজন তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। এরপর তাঁরা গুলি করে সোনার গয়না রাখা একটি টিফিনবাক্স নিয়ে চলে যান।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.

তাঁর দাবি, ওই টিফিনবাক্সে প্রায় ২০ থেকে ২৫ ভরি সোনা ছিল। ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণ ঘটায় বলেও তিনি জানান।

কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার মনজিয়া বেগম জানান, গুলি করে সোনা ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধারে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: