ছবি: সংগৃহীত
গত কয়েক বছরে সিনেমায় অভিনয়ের সংখ্যা আগের তুলনায় কমিয়ে দিয়েছেন চিত্রনায়িকা ববি। বিশেষ করে করোনা মহামারির পর থেকে বেছে বেছে সিনেমায় কাজ করছেন তিনি। তবে এরই মধ্যে তিনটি সিনেমায় অভিনয় শেষ করেছেন এই নায়িকা। ছবিগুলো এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
সম্প্রতি মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ সিনেমায় অভিনয় করেছেন ববি। যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘বেঈমান’-এর গল্প চমৎকার এবং এতে তার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম আন্তরিকতা নিয়ে কাজ করেছে বলেও জানান তিনি।
ববির আশা, ‘বেঈমান’ মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘ বিরতির পর তাকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।
এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘বেঈমান’-এর পাশাপাশি আরও কয়েকটি সিনেমায় কাজ করছেন ববি। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেন তিনি। সিনেমাটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। দীর্ঘ বিরতির পর একাধিক নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা।