collected
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। পরে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নির্বাচন এবং মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মীদের সার্বিক দিকনির্দেশনা দেন।
এনসিপির সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে সেসব ইস্যুতে আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাঁদের পাশে থাকার বিষয়েও নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলটির ‘পতিত ও পলাতক’ নেতাকর্মীদের নাশকতামূলক তৎপরতার ওপর ওয়ার্ডভিত্তিক নজরদারি এবং তা প্রতিরোধে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।