ছবি: সংগৃহীত
অবশেষে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্টের। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন তারিখ জানায়। আগে ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’ নামে আয়োজনের কথা থাকলেও এবার কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।
নিরাপত্তাজনিত কারণে আপাতত কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করেনি আয়োজকরা। তারা জানিয়েছে, গত বছর যারা আগাম টিকিট কিনেছিলেন, সেই টিকিট দিয়েই এবারের আয়োজনে অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইয়ে নতুন টিকিট বিক্রিও শুরু হয়েছে। সাধারণ টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।
গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কাভিশ, শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে দেশের তৎকালীন পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত হয়ে যায়। এরপর থেকেই কাভিশের ভক্তদের মধ্যে নতুন আয়োজনের অপেক্ষা ছিল।
জাফর জাইদি ও মাজ মাওদুদ ১৯৯৮ সালে পাকিস্তানি ব্যান্ড কাভিশ গড়ে তোলেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসে গান পরিবেশন করে ব্যান্ডটি। সেই সফরের পর অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের শ্রোতাদের মধ্যে কাভিশের গান ব্যাপক জনপ্রিয়তা পায়।
ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’। নতুন কনসার্টেও এসব জনপ্রিয় গানের পাশাপাশি কাভিশের অন্যান্য গান পরিবেশনের প্রত্যাশা করছেন ভক্তরা।
কাভিশের সঙ্গে এবারের আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও শিরোনামহীনও পারফর্ম করবে। নতুন তারিখ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার পর কাভিশকে আবার ঢাকার মঞ্চে দেখার সুযোগ তৈরি হলো।