collected
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বরে সড়কের উত্তর পাশে মীনা বাজার থেকে দক্ষিণ পাশে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।