গালভর্তি দাড়ি,লম্বা চুল ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?
‘ডন ৩’ নিয়ে নানা আলোচনার মধ্যেই নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এরই মধ্যে সিনেমাটির সেট থেকে প্রকাশ্যে এসেছে তাঁর কয়েকটি ছবি ও ভিডিও। আর সেগুলো সামনে আসতেই অভিনেতার নতুন লুক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
প্রকাশ্যে আসা ঝলকে রণবীরকে দেখা গেছে লম্বা চুল, গালভর্তি দাড়ি ও কালো পোশাকে। তাঁর এই চেহারার সঙ্গে অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন দর্শকেরা ‘ধুরন্ধর’ সিনেমার লুকের। ফলে ‘প্রলয়’-এও রণবীরকে একই ধরনের রাফ অ্যান্ড টাফ অবতারে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শুটিংয়ের একটি ভিডিওতে রঙিন চশমা সামান্য নামিয়ে ক্যামেরার দিকে তাকাতে দেখা যায় রণবীরকে। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি ও রুক্ষ চেহারা ইতোমধ্যে অনুরাগীদের নজর কেড়েছে।
‘প্রলয়’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। এই সিনেমার মাধ্যমেই বলিউডে তাঁর অভিষেক হতে যাচ্ছে। প্রকাশ্যে আসা একটি শুটিং দৃশ্যে রণবীরকে পিঠে একটি শিশুকে নিয়ে ধুলো-কাদায় ভরা পথ ধরে হাঁটতে দেখা গেছে।
জানা গেছে, ‘প্রলয়’-এর গল্পে ভয়াবহ এক পরিস্থিতির চিত্র তুলে ধরা হবে। জম্বি আক্রমণের পাশাপাশি মারাত্মক মহামারীর প্রেক্ষাপটে এগিয়ে যাবে সিনেমাটির কাহিনি। ফলে সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
এর আগে শোনা গিয়েছিল, স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকার জন্য অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে পারেন রণবীর সিং। এমনকি ২০২৭ সালে নতুন করে কাজে ফেরার কথাও আলোচনায় এসেছিল। তবে সেই বিরতির আগেই ‘প্রলয়’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা।
রণবীরের নতুন লুক ও সিনেমার গল্পের আভাস প্রকাশ্যে আসায় ‘প্রলয়’ নিয়ে বলিউডপ্রেমীদের কৌতূহল আরও বেড়েছে। এখন অপেক্ষা, পর্দায় এই নতুন অবতারে রণবীর সিং দর্শকদের কতটা চমকে দিতে পারেন।