ছবি: সংগৃহীত
মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে অক্ষয় কুমার ও সাইফ আলি খান অভিনীত সিনেমা ‘হাইওয়ান’। মুক্তির প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সিনেমাটির আয় আরও কমেছে। ফলে ভারতে ১০ কোটি রুপি আয় করতে এখনো বেশ বেগ পেতে হচ্ছে ছবিটিকে।
স্যাকনিক-এর তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ‘হাইওয়ান’ ভারতে আয় করেছে ২ কোটি ৫০ লাখ রুপি। শনিবার (১২ সেপ্টেম্বর) সিনেমাটির সার্বিক হল দখল ছিল ১২.৭৭ শতাংশ। সন্ধ্যার শোগুলোতে সর্বোচ্চ ১৬ শতাংশ দর্শক উপস্থিতি দেখা গেছে। প্রথম দিনে ৩ কোটি রুপি আয়ের পর দুই দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি।
‘হাইওয়ান’-এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা গেল অক্ষয় কুমার ও সাইফ আলি খানকে। এর আগে ‘তাশান’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দুই তারকা।
অক্ষয় কুমারের জন্যও সিনেমাটির উদ্বোধনী আয় আশাব্যঞ্জক হয়নি। ‘হাইওয়ান’-এর প্রথম দিনের রিপোর্টেড ভারতীয় গ্রস আয় ছিল প্রায় ৩ কোটি ৬০ লাখ রুপি। এই আয় ২০০৭ সালের ‘ভুল ভুলাইয়া’র প্রথম দিনের প্রায় ৩ কোটি ৮৮ লাখ রুপির উদ্বোধনী আয়ের চেয়েও কম।
অন্যদিকে সাইফ আলি খানের ক্ষেত্রেও ‘হাইওয়ান’ ২০০৭ সালের ‘তা রা রাম পুম’-এর কাছাকাছি আয় দিয়ে যাত্রা শুরু করেছে। ওই সিনেমাটি মুক্তির প্রথম দিনে প্রায় ৩ কোটি ৬৬ লাখ রুপি আয় করেছিল।
এদিকে ‘হাইওয়ান’-এর মুক্তির সময় বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘হনুমান অংশ’। মুক্তির ৩৭ দিন পরও সিনেমাটির আয় ভালো অবস্থানে রয়েছে এবং ইতোমধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে। পাশাপাশি ‘মির্জাপুর দ্য মুভি’ও রয়েছে শক্ত প্রতিযোগিতায়। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৬০ কোটি ৪৫ লাখ রুপি।
প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’-এর গল্প আবর্তিত হয়েছে শ্যামকে ঘিরে। তিনি একজন দৃষ্টিহীন কেয়ারটেকার। অবসরপ্রাপ্ত বিচারক প্রধানকে হত্যার অভিযোগে ফেঁসে যান শ্যাম। এরপর প্রতিশোধ নিতে খুনি পরশুরাম যখন প্রধানের মেয়ে নন্দিনীর পিছু নেয়, তখন পুলিশকে ফাঁকি দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেন শ্যাম। এ যাত্রায় নন্দিনীকে ঘিরে একটি চমকপ্রদ গোপন তথ্য জানতে পারেন তিনি, যা বদলে দেয় পুরো গল্পের গতিপথ।
সিনেমাটির নির্মাণে প্রায় ১৩০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে প্রায় ১১৫ কোটি রুপি প্রযোজনা ব্যয় এবং প্রিন্ট ও বিজ্ঞাপনে আরও প্রায় ১৫ কোটি রুপি খরচ হয়েছে। সেই হিসাবে মুক্তির প্রথম দুই দিনের আয় সিনেমাটির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।