দ্বিতীয় সিজনে ফিরছে আরিয়ানের ‘দ্য ব্যাডস অব বলিউড’

Pinky Saha Pinky Saha ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৯ PM BST ৩০ বার পঠিত
দ্বিতীয় সিজনে ফিরছে আরিয়ানের ‘দ্য ব্যাডস অব বলিউড’

ছবি: সংগৃহীত

গেল বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘দ্য ব্যাডস অব বলিউড’। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ হিসেবে মুক্তির পর দর্শক ও বিনোদন অঙ্গনে আলোচনায় আসে এটি। এবার সেই সিরিজই দ্বিতীয় মৌসুমে পা রাখতে চলেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চে শুরু হতে পারে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজনের শুটিং। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রথম সিজনের প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্রই নতুন মৌসুমে ফিরতে পারেন বলে জানা গেছে। আসমান সিং চরিত্রে লক্ষ্য এবং কারিশ্মা তালওয়ারের ভূমিকায় সাহার বাম্বাকে আবারও দেখা যেতে পারে।

এ ছাড়া ববি দেওলের অজয় তালওয়ার, রাঘব জুয়েলের পারভেজ এবং অনন্যা সিংয়ের সানিয়াও ফিরছেন বলে জানা গেছে। মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী ও রজত বেদীসহ প্রথম সিজনের অন্যান্য অভিনেতাদেরও দ্বিতীয় মৌসুমে থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হচ্ছেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

‘দ্য ব্যাডস অব বলিউড’ ছিল আরিয়ানের পরিচালনা ও চিত্রনাট্য লেখার প্রথম কাজ। সিরিজটির ভাবনা ও পরিচালনার পাশাপাশি বিলাল সিদ্দীকী ও মানব চৌহানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছিলেন তিনি। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেন গৌরী খান।

২০২৫ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া প্রথম সিজনের শেষটিও ছিল নানা টুইস্টে ভরপুর। ফলে দ্বিতীয় সিজনের গল্প কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

গত আগস্টে চিত্রনাট্যকার বিলাল সিদ্দীকী জানিয়েছিলেন, দ্বিতীয় সিজন নিয়ে আলোচনা চলছে। তবে নতুন মৌসুমের গল্প বা শুটিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: