ছবি: সংগৃহীত
দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন। সাদা ঢিলেঢালা গাউন পরা ছবিতে এক হাতে পেট ধরে রেখেছেন মাহিরা। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।’ পোস্টটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন।
২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এবার তাঁদের সংসারে নতুন অতিথি আসার খবর জানালেন অভিনেত্রী। সন্তানটি সেলিম করিম ও মাহিরার প্রথম সন্তান হলেও মাহিরার এটি দ্বিতীয় সন্তান।
প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে মাহিরার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে। ২০২৩ সালে সেলিম করিমের সঙ্গে মাহিরার বিয়ের সময়ও ছেলেকে মায়ের পাশে দেখা গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানে মায়ের হাত ধরে তাঁকে বিয়ের মঞ্চে নিয়ে যান আজলান। সেই মুহূর্তটি ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছিল।
সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নিয়েছেন মাহিরা খান। উৎসবের কমিউনিটি ইমপ্যাক্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন তিনি। সিনেমায় অবদানের জন্য সেখানেও সম্মানিত হয়েছেন এই অভিনেত্রী।
মাহিরা খান পাকিস্তানের অন্যতম পরিচিত অভিনয়শিল্পী। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। ‘হামসফর’ নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ‘শেহর-ই-জাত’, ‘সাদকায়ে তুমহারে’সহ বিভিন্ন আলোচিত নাটকে অভিনয় করেন।
২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। এটি ছিল ভারতের সিনেমায় তাঁর প্রথম কাজ। এরপর পাকিস্তানি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বিন রয়’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।
নতুন সন্তানের আগমনের খবর প্রকাশের পর মাহিরার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্ত ও সহকর্মীরা।