ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা রণবীর সিং বর্তমানে ‘প্রলয়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। তবে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর অভিনয়ের ব্যস্ততা কমিয়ে সংসারে বেশি সময় দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
আগস্ট থেকে ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু করেছেন রণবীর। দীপাবলি পর্যন্ত চলবে প্রথম ধাপের শুটিং। এরপর পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে তার। ২০২৭ সালে সিনেমাটির দ্বিতীয় দফার শুটিং শুরু হতে পারে।
অন্যদিকে মা হওয়ার পর দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না এবং কন্যা দুয়ার সঙ্গে সময় কাটাবেন। সে সময় রণবীর ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। এবার দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবারকে সময় দিতে চান এই অভিনেতা।
এরই মধ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুই বছর পূর্ণ হয়েছে তাদের কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের। মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রণবীর ও দীপিকা।
ছবিগুলোতে সাদা পোশাকে দেখা গেছে পুরো পরিবারকে। একটি ছবিতে দীপিকা ও রণবীরের মাঝে দাঁড়িয়ে রয়েছে দুয়া। অন্য ছবিতে বাবা-মায়ের সঙ্গে হাসিখুশি দেখা যায় তাকে। আবার কোথাও দুয়া ও রণবীরকে দীপিকার স্ফীতোদর ছুঁয়ে থাকতে দেখা গেছে। আরেকটি ছবিতে মেয়েকে কোলে নিয়ে খেলতে দেখা যায় রণবীরকে।
ছবির ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, ‘বেবি দুয়া এবং আমাদের মন—দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
দুয়ার জন্মদিনে ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রণবীর-দীপিকার আসন্ন সন্তানের জন্যও শুভকামনা জানিয়েছেন।