ছবি: সংগৃহীত
ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন এক চরিত্রে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। নিখিল আদবানি পরিচালিত পিরিয়ড ড্রামাটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি।
সিরিজ মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেন পাওলি দাম। ছবিগুলোতে ‘দ্য রেভলিউশনারিজ’-এর সেটের বিভিন্ন মুহূর্ত ও নেপথ্যের দৃশ্য উঠে এসেছে। পাশাপাশি অভিনেত্রীর নতুন লুক ও চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
‘দ্য রেভলিউশনারিজ’-এর অন্যতম আকর্ষণ এর ব্যতিক্রমী কাস্টিং। সিরিজে রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। আর কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা।
এই চার বিপ্লবীকে ঘিরেই সিরিজটির মূল গল্প এগিয়েছে। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে। জেসন শাহ অভিনয় করেছেন ব্রিটিশ কর্মকর্তা জেনারেল ডায়ারের চরিত্রে।
ঐতিহাসিক সময়ের আবহে নির্মিত সিরিজটিতে পাওলি দামকে দেখা গেছে একেবারেই ভিন্ন রূপে। শুটিংয়ের ছবি প্রকাশের পর থেকেই তার চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবার পর্দায় তার অভিনয় ও নতুন লুক কতটা সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা।