ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রীদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া সরণ। সম্প্রতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছবিও এআইয়ের মাধ্যমে বিকৃত করে রোম্যান্টিক গানের দৃশ্যের সঙ্গে যুক্ত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এবার একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রিয়া।
এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, এআই ব্যবহার করে তারও একাধিক ছবি বিকৃত করা হয়েছে। কখনো শরীরের বিভিন্ন অংশের আকৃতি পরিবর্তন করা হয়েছে, আবার কখনো ছবির পোশাকও ডিজিটালভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এসব ঘটনার সবচেয়ে বেশি শিকার নারীরাই হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, অনেক সময় বিকৃত ছবিগুলো দেখে বোঝাই কঠিন হয়ে পড়ে, সেটি আদৌ নিজের ছবি কি না। বিষয়টিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে হালকাভাবে নেওয়ার চেষ্টা করলেও এ ধরনের ঘটনা যে অত্যন্ত বিরক্তিকর, তা স্পষ্ট করেছেন শ্রিয়া।
এআই প্রযুক্তির ভালো দিক ও নানা উপকারিতা থাকলেও এর অপব্যবহার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করেন শ্রিয়া। তার মতে, সময়ের সঙ্গে এই প্রযুক্তির সঙ্গে মানিয়ে চলার পাশাপাশি এর নেতিবাচক ব্যবহারের মোকাবিলাও করতে হবে।