Photo Collected
নামের আদ্যক্ষর এক, আবার জন্মদিনও একই দিনে। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ১১ অক্টোবর। প্রতি বছরের মতো এবারও বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন দুই তারকা। সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় তাঁদের জন্মদিন ঘিরে তৈরি হয়েছে আনন্দের আবহ।
জন্মদিনের উদযাপন শুরু করেছেন অপু বিশ্বাস মধ্যরাতেই। ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ এর আগে জন্মদিনের আগাম বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। কেক হাতে ধারণ করা সেই ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
অন্যদিকে জন্মদিনের সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়েছেন অমিতাভ বচ্চন। নিজের উপস্থিতির কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘সকাল হয়ে গেলো। এই যে আমি, তোমাদের পাশেই আছি।’ ১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের এলাহাবাদে জন্ম নেওয়া এই অভিনেতা জীবনের ৮৪ বছর পূর্ণ করেছেন।
অমিতাভ বচ্চনের অভিনয়জীবনের শুরু ১৯৬৯ সালে। মৃণাল সেনের ‘ভুবন সোম’ সিনেমায় কণ্ঠ দেওয়ার পর একই বছর ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’, ‘কুলি’, ‘শাহেনশাহ’ ও ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই তারকা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী, পদ্ম ভূষণ ও পদ্ম বিভূষণ পেয়েছেন তিনি। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারও।
অন্যদিকে অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম তাঁর। ছোটবেলায় নাচ শেখার মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত হন তিনি। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। তবে পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের পর ব্যাপক পরিচিতি পান অপু।
এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘আমার জান আমার প্রাণ’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘নিঃশ্বাস আমার তুমি’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে।
একদিকে বলিউডের দীর্ঘদিনের প্রভাবশালী তারকা অমিতাভ বচ্চনের জন্মদিন, অন্যদিকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের বিশেষ দিন—একই তারিখে দুই তারকার জন্মদিন ঘিরে ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস।