collected
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদসহ চারজন আহত হয়েছেন।
আহত অন্যরা হলেন আব্দুল্লাহ সাগর, আরমনা ও কামরুল। তাওহীদুলকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এনসিপির নেতারা জানান, স্থানীয় এক নেতার বাড়িতে সাংগঠনিক বৈঠক শেষে তারা বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন।
এনসিপির প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা অভিযোগ করেন, মাটি কাটার বিষয়ে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এনসিপির পক্ষ থেকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে হামলার অভিযোগ করা হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন হালিম আজাদ। তিনি বলেন, এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কয়েকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ ঘটনার সঙ্গে তিনি বা বিএনপির কেউ জড়িত নন বলেও দাবি করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইনও জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।