collected
গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এএমসি নীট কম্পোজিট লিমিটেড কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। সোমবার (১২ অক্টোবর) সকালে তাঁদের বিক্ষোভের কারণে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে দাবি সমাধানের আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হতে শুরু করেন। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাঁরা মেম্বার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কারখানা খুলে দিয়ে কাজে ফেরার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
কারখানা সূত্রে জানা গেছে, পর্যাপ্ত উৎপাদনকাজ না থাকা এবং বয়লারের সমস্যার কারণে গত ১০ অক্টোবর থেকে কারখানাটির গার্মেন্টস ও কাটিং বিভাগে (ইউনিট-২) কর্মরত প্রায় ৫৮৫ জন শ্রমিকের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, সোমবার সকালে তাঁরা কারখানার প্রধান ফটকের পাশে জড়ো হওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও কারখানার ঝুট ব্যবসায়ীরা তাঁদের বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাঁরা কারখানা চালুর দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
শ্রমিকেরা জানান, প্রথমে হঠাৎ করে কারখানায় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর গত শনিবার (১০ অক্টোবর) কারখানার সামনে লে-অফ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে লে-অফ ঘোষণার আগে তাঁদের পাওনা এবং ভবিষ্যৎ কর্মপরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ তাঁদের।
তাঁদের দাবি, কারখানাটি কবে চালু হবে, কিংবা আদৌ চালু হবে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। বর্তমান কারখানা চালুর অপেক্ষায় থাকবেন, নাকি অন্য কোথাও চাকরি খুঁজবেন—তা নিয়ে দ্বিধায় রয়েছেন শ্রমিকেরা।
তাঁরা আরও বলেন, পরিবারের ভরণপোষণ, ঘরভাড়া ও খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তাঁদের নিয়মিত আয়ের প্রয়োজন। কাজ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। এ কারণে দ্রুত কারখানা খুলে দিয়ে কাজে ফেরার সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
অবরোধের খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান বলেন, সোমবার সকালে মেম্বার বাড়ি এলাকায় শ্রমিকেরা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।