ব্রেকিং

গাজীপুরে পুলিশের হেফাজত থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে গেছে, চলছে অভিযান

Sharmin Sultana Sharmin Sultana ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ AM BST গাজীপুর ৩৫ বার পঠিত
গাজীপুরে পুলিশের হেফাজত থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে গেছে, চলছে অভিযান

collected

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আদালতে হাজিরা শেষে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ওরফে ‘বাদশা’ (৩০) নামে এক হাজতি পালিয়ে গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারা সূত্রে জানা যায়, ওই দিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ৩০ জন হাজতিকে ঢাকার আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল।

ফেরার পথে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ বাথরুমে যাওয়ার কথা জানায়। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে বাথরুমে নেওয়ার সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায় সে।

ঘটনার পরপরই আশপাশের এলাকায় তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। পাশাপাশি পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে। আশপাশের এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

পলাতক রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ওরফে ‘বাদশা’ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার মোতালেবের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, সে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক একটি মাদকচক্রের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে এক হাজতি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম অভিযান চালাচ্ছে।

এদিকে গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছে, পলাতক হাজতিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে সে নিরাপত্তাবলয় থেকে পালানোর সুযোগ পেল এবং এ ঘটনায় দায়িত্বে থাকা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: