collected
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন।
রিনা আক্তার চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের সুমন সরকারের স্ত্রী এবং টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে পেশায় পেইন্টার সুমনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। গত তিন-চার বছর ধরে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো, যা কখনো মারামারিতেও গড়াত। স্বজনদের দাবি, এই বিরোধের জেরেই রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তাঁর স্বামী পালিয়ে গেছেন।
সুমনের মা রুফিয়া বেগম জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে রিনা ও সুমনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করে দেন। রাতে কী ঘটেছে, তা তিনি জানেন না। সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করলে তিনি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের মা সাকিনা বেগমের অভিযোগ, সুমন মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই রিনাকে মারধর করতেন। বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও তাঁর ওপর চাপ দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। এসব বিরোধের জেরেই তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি ঘটনার বিচার দাবি করেন।
তবে রিনা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।