ব্রেকিং

গণঅধিকার পরিষদে শাস্তির মুখে জসিম উদ্দিন, দেওয়া হলো কারণ দর্শানোর নোটিশ

Sumon Biswas Sumon Biswas ৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ PM BST ২২ বার পঠিত
গণঅধিকার পরিষদে শাস্তির মুখে জসিম উদ্দিন, দেওয়া হলো কারণ দর্শানোর নোটিশ

Internet

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কুমিল্লা-৪ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমানের সই করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশে তার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নোটিশে জসিম উদ্দিনকে অভিযোগের বিষয়ে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব না দিলে অথবা তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জয় পান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের সমর্থনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করে তিনি ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পান।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। ট্রাক প্রতীকে তিনি পেয়েছিলেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখন জসিম উদ্দিনের লিখিত ব্যাখ্যার ওপরই পরবর্তী সাংগঠনিক পদক্ষেপের বিষয়টি নির্ভর করবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: