গোবিন্দ-কমল রানিকে ঘিরে জল্পনা, ফের ইঙ্গিতপূর্ণ সুনীতার মন্তব্য

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৫ PM BST ৩০ বার পঠিত
গোবিন্দ-কমল রানিকে ঘিরে জল্পনা, ফের ইঙ্গিতপূর্ণ সুনীতার মন্তব্য

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর ‘রূপা’ ছবির সহঅভিনেত্রী কমল রানিকে ঘিরে জল্পনা যেন থামছেই না। এর মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আলোচনায় এসেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা।

বুধবার বিমানবন্দরে পোষ্যকে কোলে নিয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলছিলেন সুনীতা। এ সময় কাউকে সরাসরি উদ্দেশ করে কিছু না বললেও তিনি বলেন, ‘মানুষকে যতই ভালোবাসা হোক, শেষ পর্যন্ত ঠকতে হয়। বরং পশুরাই মানুষের চেয়ে ভালো।’

তবে নিজের এই মন্তব্যে কাকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি সুনীতা। কিন্তু গোবিন্দ ও কমল রানির সম্পর্ক নিয়ে বর্তমানে নানা আলোচনা চলায় তাঁর মন্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

একসঙ্গে গণেশ দর্শনে গোবিন্দ-কমল

সুনীতার মন্তব্যের ঠিক এক দিন আগে, মঙ্গলবার মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন গোবিন্দ। তাঁর সঙ্গে ছিলেন কমল রানি। দুজনকে একসঙ্গে গণেশ দর্শন করতে দেখা যায়। পরে তাঁদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে গোবিন্দ ও কমল রানির সম্পর্ক নিয়ে যে ধরনের জল্পনা চলছে, তার পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তাঁদের সম্পর্ককে পেশাগত বলেই দেখা হয়েছে।

আগেও কমলকে নিয়ে মন্তব্য করেছিলেন সুনীতা

কমল রানিকে নিয়ে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা। গত আগস্টে গোবিন্দ ও কমল রানির একটি বিমানবন্দরের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি।’

পরে পাপারাজ্জিদের সঙ্গে কথোপকথনের সময় গোবিন্দর সঙ্গে কমল রানির ঘোরাফেরা নিয়েও আপত্তি জানিয়েছিলেন তিনি। এমনকি কমলের পোশাক এবং অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কড়া মন্তব্য করেছিলেন সুনীতা।

এরপর স্ত্রীকে উদ্দেশ করে একটি ভিডিও বার্তায় গোবিন্দ তাঁকে নিজের সীমার মধ্যে থাকার পরামর্শ দেন। ভবিষ্যতে সুনীতার তাঁর সাহায্যের প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেছিলেন অভিনেতা।

এরপর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে আর প্রকাশ্যে কোনো পাল্টাপাল্টি মন্তব্য দেখা যায়নি। তবে বিভিন্ন জায়গায় গোবিন্দ ও কমল রানিকে একসঙ্গে দেখা যাওয়ার পাশাপাশি সুনীতার একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: