হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

Sharmin Sultana Sharmin Sultana ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ PM BST চট্টগ্রাম ৫০ বার পঠিত
হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

collected

নোয়াখালীর হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যানঘাট মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী বিষু ব্যাপারী।

চেয়ারম্যানঘাটের শাহজাহান ব্যাপারীর আড়তে অনুষ্ঠিত নিলামে অন্তত ১৭ জন ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে বিষু ব্যাপারী মাছটি কিনে নেন।

জানা গেছে, হাতিয়ার হরণী ইউনিয়নের জেলে জাহেদ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। রোববার ১২ জন জেলেকে নিয়ে সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে নদীতে মাছ ধরতে যান তিনি। সোমবার রাতে জাল ফেলার পর মঙ্গলবার জাল তুলতে গিয়ে বড় ইলিশটি পাওয়া যায়। পরে মাছটি চেয়ারম্যানঘাটে এনে আড়তে বিক্রি করা হয়।

মাছটির ক্রেতা বিষু ব্যাপারী বলেন, ১০ হাজার ৯০০ টাকায় ইলিশটি কিনেছেন তিনি। মাছটি ঢাকার মোকামে পাঠানো হবে। সেখানে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করার আশা করছেন তিনি। তাঁর ভাষ্য, রাজধানীতে বড় আকারের ইলিশের বিশেষ চাহিদা রয়েছে।

জেলে জাহেদ মাঝি বলেন, বড় ইলিশটি পাওয়ার পর তারা আনন্দিত হয়েছেন। এ ছাড়া অন্যান্য মাছও ধরা পড়েছে। সব মিলিয়ে চেয়ারম্যানঘাটে প্রায় পৌনে তিন লাখ টাকার মাছ বিক্রি করেছেন তারা।

আড়তদার শাহজাহান ব্যাপারী বলেন, জাহেদ মাঝির আনা বিভিন্ন মাছের মধ্যে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটির নিলাম শুরু হয়। পরে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দর ওঠায় বিষু ব্যাপারীর কাছে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় ব্যবসায়ী মাঈন উদ্দিন বলেন, এবার তুলনামূলক কম ইলিশ পাওয়ায় জেলেদের মধ্যে হতাশা রয়েছে। তবে মাঝে মধ্যে বড় আকারের ইলিশ ধরা পড়ায় কিছুটা স্বস্তি মিলছে।

সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা ও হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ফয়জুর রহমান বলেন, এবার তুলনামূলকভাবে কম মাছ ধরা পড়ছে। এর মধ্যে দু-একটি বড় ইলিশ ধরা পড়ায় জেলেরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। ভরা পূর্ণিমায় আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: