Photo Collected
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে নির্মাতা চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’। এই সিনেমায় শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা বিজয় চৌধুরী। এবার সেই ‘রইছ’খ্যাত অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজয় চৌধুরী। জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
পরে দ্রুত তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা।
এদিকে বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন বিজয় চৌধুরীর মেয়ে ফিওনা চৌধুরী। বাবার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পোস্টে ফিওনা সবাইকে তার বাবার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে বলেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন।