সংগৃহীত ছবি
১৯৯৮ সালের জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র সেই মধুর স্মৃতি এবার নতুন প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে ফিরছে। মূল গল্পের আবহ অক্ষুণ্ন রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
তরুণ নির্মাতা কামরুজ্জামানের পরিচালনায় সিনেমাটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নবীন শিল্পী আরিয়ান ও রাদিফা। ১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’তে ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই জুটির জায়গায় নতুন দুই মুখকে নিয়ে পর্দায় ফিরছে গল্পটি।
আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।
‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার বড় একটি অংশজুড়ে ছিল নচিকেতা চক্রবর্তীর সুরের গান। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।
সেই নস্টালজিক আবহ ধরে রাখতে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে পুরোনো ছয়টি গানের মধ্যে তিনটির নতুন সংস্করণ রাখা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে যুক্ত করা হয়েছে দুটি নতুন গান।
নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে আশাবাদী নির্মাতা কামরুজ্জামান। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র।