collected
রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের নিচতলার মাছের বাজারে ইলিশের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দরদাম। বাজারের পাঁচটি দোকানে বিক্রেতাদের ইলিশ নিয়ে ক্রেতার অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই পছন্দের আকারের ইলিশ কিনতে পারছেন না।
বেসরকারি চাকরিজীবী আলতাফ হোসেন এক কেজি ওজনের ইলিশ কিনতে বাজারে এসেছিলেন। তিনি জানান, এর আগে ১ হাজার ৮০০ টাকা দরে ইলিশ কিনলেও এবার একই ওজনের মাছের দাম চাওয়া হচ্ছে ২ হাজার ৪০০ টাকা। শেষ পর্যন্ত বাজেটের কারণে এক কেজির ইলিশ না কিনে ৭৫০ গ্রাম ওজনের দুটি মাছ নেন তিনি।
মাছ ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, এবার তুলনামূলক ছোট আকারের ইলিশের চাহিদা বেশি। তাঁর দাবি, গতবারের তুলনায় এবার বিভিন্ন আকারের ইলিশের দাম কেজিতে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা বেশি। ২০ বছর ধরে মাছের ব্যবসা করলেও ইলিশের এমন চড়া দাম আগে দেখেননি বলে জানান তিনি।
শুক্কুর আলীর তথ্য অনুযায়ী, এবার এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকার নিচে বিক্রি করেননি। গতকাল একই আকারের মাছ ২ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করেছেন তিনি।
ইলিশের দাম বাড়ার পাশাপাশি এর উৎপাদন কমে যাওয়ার বিষয়টিও উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, টানা দুই বছর ধরে ইলিশের উৎপাদন বা আহরণ কমছে। বিষয়টি নিয়ে গবেষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
খ্যাতনামা ইলিশ গবেষক মো. আনিছুর রহমান উৎপাদন কমার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, গত দুই বছরের পরিস্থিতি উদ্বেগজনক এবং এর পেছনে মানবসৃষ্ট কারণের পাশাপাশি প্রাকৃতিক বিষয়ও ভূমিকা রাখতে পারে।
গবেষকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, সাগরে অতিসূক্ষ্ম ফাঁসের জালের ব্যবহার, অতিরিক্ত মাছ আহরণ, পানিদূষণ এবং নদী-সাগরে ডুবোচর তৈরি হওয়ার মতো বিভিন্ন কারণে ইলিশের উৎপাদন কমতে পারে। তবে এসব কারণের প্রভাব নিশ্চিত করতে আরও গবেষণা ও অনুসন্ধান প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।