ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
ইমরানের অভিযোগ, তাঁকে ও তাঁর দুই সঙ্গীকে পুলিশের ভ্যানে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হলেও আটকের কারণ জানানো হয়নি। লেখা ওয়াশিংটনও দাবি করেছেন, মুক্তির পর বাড়ি ফেরার জন্য ট্যাক্সি পেতে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। অন্যদিকে, জায়েন মারি খানের অভিযোগ, আটকের কারণ জানতে চেয়েও পুলিশের কাছ থেকে স্পষ্ট কোনো উত্তর পাননি তাঁরা।
গত শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছে। মুম্বাই পুলিশের দাবি, বিক্ষোভের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তবে আয়োজকদের বক্তব্য, তাঁরা ই-মেইলে অনুমতি চাইলেও কোনো উত্তর পাননি।
মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরেও বিক্ষোভকারীদের আটকের খবর পাওয়া গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।