ছবি: সংগৃহীত
অভিনয় ক্যারিয়ারের দীর্ঘ সময়ে নানা ধরনের কাজ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তবে গত এক বছরে কাজ বাছাইয়ের ক্ষেত্রে নিজের মধ্যে পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন তিনি। আগে বুঝে না বুঝে অনেক কাজ করলেও এখন প্রয়োজন হলে কোনো কাজকে ‘না’ বলতে দ্বিধা করেন না এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ ও বর্তমান ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে ইরফান সাজ্জাদ বলেন, দীর্ঘ ক্যারিয়ারে অর্জিত অভিজ্ঞতাকে এখন কাজে লাগাচ্ছেন তিনি। তাঁর উপলব্ধি, দর্শকদের জন্য ভালো কমেডি কিংবা পারিবারিক গল্প তৈরি করা হলে তা দর্শক গ্রহণ করবেন। গত এক বছরে তিনি সেই ধরনের গল্প ও নাটকের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন।
ইরফান সাজ্জাদের ভাষায়, সততা দিয়ে কাজ করলে সেই কাজ দর্শকের কাছে পৌঁছাবে—এমন বিশ্বাস তৈরি হয়েছে তাঁর মধ্যে। সেই কারণেই গত এক বছর নাটকগুলোর প্রচারের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন তিনি।
তবে ভালো গল্পের পাশাপাশি নাটকের ভিউ নিয়েও বাস্তবতা রয়েছে বলে মনে করেন এই অভিনেতা। ভিউ প্রসঙ্গে তিনি বলেন, প্রযোজককে পরবর্তী নাটক নির্মাণের জন্য দর্শকের সাড়া ও ভিউয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। তাঁর মতে, ভালো গল্পের সঙ্গে ভিউ পাওয়াও সম্ভব।
এই জায়গায় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি তাঁকে আত্মবিশ্বাস দিয়েছে বলে জানান ইরফান সাজ্জাদ। তিনি বলেন, নাটকটি ভিউ পাওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। বরং ভালো একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরাই ছিল তাদের লক্ষ্য। এই কাজের জন্য পরিচালক মোস্তফা কামাল রাজকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
ইরফান সাজ্জাদের মতে, ভালো গল্প এবং দর্শকের আগ্রহ—দুটিই গুরুত্বপূর্ণ। শুধু ভিউয়ের পেছনে না ছুটে মানসম্মত গল্প তৈরি করার পাশাপাশি দর্শকের কাছে সেটি পৌঁছানোও জরুরি বলে মনে করেন তিনি।
এদিকে ইরফান সাজ্জাদের নতুন ধারাবাহিক ‘কর্মফল’-এর প্রচারও শুরু হয়েছে। এই নাটকে তাঁর চরিত্র ও গল্প আগের কাজগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন অভিনেতা। গল্প শোনার পরই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
‘কর্মফল’-এ অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন বলেও জানান ইরফান। তাঁর ভাষ্য, এই নাটকের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, যা তাঁর অন্য অনেক কাজের ক্ষেত্রে হয়নি।
নাটকটির মূল ভাবনাও তাঁকে আকৃষ্ট করেছে। জীবনে মানুষ যে ধরনের কাজ করে, কোনো না কোনোভাবে তার ফল পেতে হয়—ইতিবাচক কিংবা নেতিবাচক, দুই ধরনের কাজের ক্ষেত্রেই এমন পরিণতি আসতে পারে—এই ধারণাকে কেন্দ্র করেই ‘কর্মফল’-এর গল্প এগিয়েছে।
ইরফান সাজ্জাদের আশা, ভিন্ন গল্প ও চরিত্রের কারণে নতুন এই ধারাবাহিকটিও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নিজের সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা থেকে তিনি এখন ভালো গল্প, চরিত্রের বৈচিত্র্য এবং দর্শকের আগ্রহ—এই তিন বিষয়কেই গুরুত্ব দিচ্ছেন।