collected
রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে গ্রাহক ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে ব্যাংকের সামনে যান। একই সময়ে সেখানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচি চলছিল। দুই পক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহক ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন এবং এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছিল।
ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কর্মসূচি শুরুর পর সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা করেন। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।