জামালপুরে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব, লাউচাপড়ায় মঞ্চে নানা আয়োজন

Pinky Saha Pinky Saha ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ PM BST ৩২ বার পঠিত
জামালপুরে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব, লাউচাপড়ায় মঞ্চে নানা আয়োজন

ছবি: সংগৃহীত

সীমান্তবর্তী জেলা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। সবুজ বনানী ও লেকঘেরা প্রাকৃতিক পরিবেশে দিনের আলোয় অনুষ্ঠানটির ধারণকে ঘিরে জামালপুরে তৈরি হয় উৎসবের আবহ। জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে নানা বয়সী হাজারো দর্শক এতে অংশ নেন। এবারের পর্বে পান্থ কানাই ও তসিবা বেগমের কণ্ঠে একটি গান এবং জামালপুরের পরিচিতিমূলক নৃত্যগীত থাকছে। পাশাপাশি দর্শকপর্বে জামালপুরের চারজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী গান পরিবেশন করবেন নির্বাচিত দর্শকেরা। অনুষ্ঠানে নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালি, জামালপুরের ইতিহাস-ঐতিহ্য, প্রত্নসম্পদ ও তুলসীপুর ঘোড়ার হাট নিয়ে থাকছে তথ্যভিত্তিক প্রতিবেদন। নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার, বাল্যবিবাহের ক্ষতিগ্রস্ত পরিবার এবং শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া এক দম্পতির জীবনসংগ্রাম নিয়েও থাকছে মানবিক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হবে চীনের সুঝৌ শহরের প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়। এ ছাড়া সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে একাধিক নাট্যাংশ। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র এই পর্বটি ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: