ছবি: সংগৃহীত
ছেলে আব্রাম খান জয়ের দশম জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। বিশেষ এই সফরের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন তিনি।
নিজের ফেসবুক আইডিতে একটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন।
ছবিতে অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ। চোখে ছিল রোদচশমা। অন্যদিকে জয়কে দেখা যায় কালো টি-শার্ট ও কালো প্যান্টে। তার চোখেও ছিল রোদচশমা, আর মুখে ছিল কালো মাস্ক।
ছবিটি প্রকাশ করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’। ছেলের জন্মদিন উপলক্ষে মায়ের এই বিশেষ আয়োজন ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা অভিনেতা শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
শাকিব খান ও অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে দুজনেই তাদের বিয়ের খবর গোপন রেখেছিলেন।
পরে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। এরপর প্রায় সাত মাস পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।
অপুর সেই প্রকাশের পর শাকিব-অপু ও তাদের সন্তান জয়কে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। সময়ের সঙ্গে আব্রাম খান জয়ও দর্শক ও নেটিজেনদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে।
এবার দশম জন্মদিনে মায়ের সঙ্গে কক্সবাজারের বিশেষ সফরে গিয়ে জয়ের জন্মদিনের আয়োজন আরও আনন্দময় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মা-ছেলের সেই মুহূর্তের ছবিও ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।