ছবি: সংগৃহীত
ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানিকে ঘিরে বিহারে তৈরি হয়েছিল উত্তেজনাকর পরিস্থিতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিহারের বিহারশরিফে একটি জুয়েলারি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন অভিনেত্রী। তার আসার খবর ছড়িয়ে পড়তেই অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বিপুলসংখ্যক মানুষ প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে সেখানে জড়ো হন। ভিড় সামলাতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হলে একপর্যায়ে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। এতে একটি ফর্চুনার গাড়ির কাচ ভেঙে যায়। তবে ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন না কাজল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনুষ্ঠানস্থলে বিপুলসংখ্যক মানুষের ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তৎপর হতে দেখা যায়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন কাজল। তিনি জানান, তিনি সুস্থ ও নিরাপদ আছেন। ভক্তদের দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়ে তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।
২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় কাজল রাঘওয়ানির। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।