পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। ছবি: সংগৃহীত
ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলেন না পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। প্রেম বা বিয়ে নিয়েও তাঁকে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায় না। তবে এবার লন্ডনে এক অনুষ্ঠানে নিজের পুরোনো প্রেমের কথা জানালেন এই অভিনেত্রী।
প্রথমবার লন্ডনে ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন সাবা। ক্রিয়েটিভ টিমস আয়োজিত ওই অনুষ্ঠানে এসকেটি ওয়েলফেয়ারের জন্য অর্থ সংগ্রহ করা হয়। সেখানেই নিজের পুরোনো প্রেমের প্রসঙ্গ তোলেন তিনি।
সাবা জানান, তিন-চার বছর আগে তাঁর একটি ছবির সহশিল্পীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। একপর্যায়ে তাঁর প্রেমেও পড়েছিলেন। তবে সেই অভিনেতার নাম প্রকাশ করেননি তিনি।
সাবার ভাষায়, ‘সে এখন বিবাহিত। বিষয়টি সত্যিই অদ্ভুত লাগে। ঘটনাটি অনেক দিন আগের। সম্ভবত দুই বা চার বছর আগে। তবে আমি তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমি তাঁর প্রেমে পড়েছিলাম। হয়তো তাঁর চরিত্রের প্রেমে পড়েছিলাম।’
ওই অভিনেতা টেলিভিশনে তাঁর সহশিল্পী ছিলেন না বলেও পরিষ্কার করেছেন সাবা। তিনি বলেন, একজন চলচ্চিত্র অভিনেতার সঙ্গে একটি ছবিতে কাজ করার সময় তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন।
অনুষ্ঠানে নিজের অভিনীত ছবির সংখ্যা মনে করে মজা করে সাবা বলেন, তিনি মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তখন সঞ্চালক তাঁর ছবির তালিকা খুঁজে ওই অভিনেতাকে বের করার কথা বলেন। সাবা অবশ্য মজা করে বিষয়টি থামিয়ে দিয়ে বলেন, ‘না, দয়া করে এটা বাদ দিন। এটা মুছে দিন। কেউ এটা ব্যবহার করবেন না।’
পুরোনো সেই প্রেমের ঘটনা নিয়ে সাবা বলেন, মানুষকে পছন্দ করে ফেলা স্বাভাবিক। এ সময় নিজের ১৪ বছর বয়সী ভাগনির একটি মজার মন্তব্যও শোনান তিনি। ভাগনি তাঁকে বলেছিল, ‘খালা, আপনি তো জঙ্গলে কাজ করছিলেন। আশপাশে কেউ ছিল না। তাই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছিল।’
সাবার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—কে সেই অভিনেতা? তবে সাবা এখনো তাঁর নাম প্রকাশ করেননি।
চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন সাবা কামার। ‘ঘবরানা নেহি হ্যায়’, ‘কমলি’, ‘বাঘি’, ‘চীক’সহ বেশ কিছু আলোচিত কাজে অভিনয় করেছেন তিনি। ‘কমলি’ ছবির জন্য ২০২৩ সালে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারও পান সাবা।