‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

Pinky Saha Pinky Saha ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ PM BST ১৭ বার পঠিত
‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

চার্টার্ড বিমানকে ‘ছোট’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে তিন কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা করেছে ভারতের চার্টার্ড উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিউন্স এভিয়েশন। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে করা মামলায় প্রতিষ্ঠানটির দাবি, নোরার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চার্টার্ড বিমান বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমেছে।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন্স এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ বিমানে ভ্রমণ করেন নোরা। ওই যাত্রার সময় বিমানের ভেতরে কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। প্রতিষ্ঠানটির অভিযোগ, ভিডিওগুলোতে বিমানটিকে ‘ছোট’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

ডিউন্স এভিয়েশনের দাবি, নোরার ইনস্টাগ্রামে চার কোটি ৬০ লাখের বেশি অনুসারী থাকায় তাঁর মন্তব্য দ্রুত বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, যথাযথ তথ্য বা প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই বিমানটির সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে এমন মন্তব্য করা হয়েছে, যা তাদের ব্যবসায়িক সুনাম ও গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

মামলায় আরও দাবি করা হয়েছে, ভিডিও প্রকাশের পর প্রতিষ্ঠানটির চার্টার্ড বিমান বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং বাতিলের সংখ্যাও বেড়ে যায়। ডিউন্স এভিয়েশন নোরার মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

বিমানটির নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থানও জানিয়েছে ডিউন্স এভিয়েশন। প্রতিষ্ঠানটির ভাষ্য, নোরা যে বিমানটিতে ভ্রমণ করেছিলেন সেটি সম্পূর্ণ নিরাপদ এবং ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বৈধ নন-শিডিউলড অপারেটরস পারমিটের আওতায় পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটির অভিযোগ, জনপ্রিয় একজন অভিনেত্রীর মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে বিমানটির নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ কারণে নোরার কাছে তিন কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানসংক্রান্ত ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া এবং মন্তব্যের বিষয়ে প্রকাশ্য ব্যাখ্যা দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে।

চলতি বছরের এপ্রিলে করা মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর গান্ধীনগরের জ্যেষ্ঠ দেওয়ানি বিচারক আর আগরওয়ালের আদালতে হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে এখনো নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: