কিম কার্দাশিয়ানের ডাকাতির মামলায় ক্ষতিপূরণ মাত্র ১ ইউরো

Pinky Saha Pinky Saha ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ PM BST ৩০ বার পঠিত
কিম কার্দাশিয়ানের ডাকাতির মামলায় ক্ষতিপূরণ মাত্র ১ ইউরো

Photo Collected

২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে বন্দুকধারীদের হাতে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। প্রায় এক দশক পর সেই মামলায় কিম কার্দাশিয়ানকে প্রতীকী হিসেবে মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত।

তবে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ, কিম কার্দাশিয়ান নিজেই আদালতের কাছে প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ চেয়েছিলেন। ফলে আদালতের দেওয়া অর্থের পরিমাণ তাঁর দাবির সঙ্গেই মিলে গেছে।

মামলার রায়ের পর কিম এবং ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা স্টাইলিস্ট সিমোন হারুচে ফরাসি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যৌথ বিবৃতিতে তারা বলেন, ওই ঘটনার মানসিক আঘাত এখনো তাঁদের মনে রয়েছে। তাঁদের মতে, রায়ের গুরুত্ব অর্থের অঙ্কে নয়; বরং অপরাধের স্বীকৃতি এবং ন্যায়বিচার পাওয়ার মধ্যেই এর তাৎপর্য।

২০১৬ সালের অক্টোবর মাসে প্যারিস ফ্যাশন উইকের সময় হোটেল ডি পুরতালেসে অবস্থান করছিলেন কিম। সেই সময় পুলিশের পরিচয়ে দুই ব্যক্তি তাঁর হোটেল কক্ষে প্রবেশ করে। পরে তাকে টেপ ও জিপ টাই দিয়ে বেঁধে ফেলা হয়। ডাকাতেরা তাঁর কাছ থেকে প্রায় ৬০ লাখ ডলার বা তার বেশি মূল্যের গয়না ও হীরা নিয়ে যায়।

ঘটনার পর কিম কার্দাশিয়ান এটিকে তাঁর জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছিলেন। দীর্ঘদিন ধরে চলা তদন্তের পর মামলাটি আদালত পর্যন্ত গড়ায়।

এই ডাকাতির সঙ্গে জড়িতদের ফ্রান্সে ‘লে পাপিস ব্রাক্যুর’ বা ‘দাদাদের ডাকাত দল’ নামে পরিচিতি দেওয়া হয়। বিচারের আওতায় আসা কয়েকজনের বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। গত বছর আদালত এই ঘটনায় জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করেন। তবে এরই মধ্যে হাজতে থাকা সময়কে সাজা হিসেবে গণনা করায় নতুন করে কাউকেই কারাগারে যেতে হয়নি। দোষীরা রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।

মামলার রায়ে শুধু কিম কার্দাশিয়ানের ক্ষতিপূরণই নির্ধারণ করা হয়নি। ঘটনার সময় হোটেলে কর্মরত থাকা একজন সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডাকাতির ঘটনায় তিনি প্রচণ্ড ভয় ও মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন বলে আদালতে বিষয়টি উঠে আসে।

কিমের স্টাইলিস্ট সিমোন হারুচেকেও তাঁর চাওয়া অনুযায়ী প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

রায়ের পর কিম ও সিমোন তাঁদের বিবৃতিতে জানান, তাঁরা এখন ওই কঠিন সময়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান। তাঁদের কাছে এই রায় কোনো আর্থিক লাভের বিষয় নয়; বরং বহু বছর আগের একটি অপরাধের বিচারিক স্বীকৃতি।

প্রায় এক দশক আগে ঘটে যাওয়া এই ডাকাতির ঘটনায় কিম কার্দাশিয়ানের কাছ থেকে বিপুল পরিমাণ গয়না লুট হয়েছিল। কিন্তু আদালতের সাম্প্রতিক রায়ে তাঁর জন্য নির্ধারিত ক্ষতিপূরণের অঙ্ক মাত্র ১ ইউরো হওয়ায় বিষয়টি আবারও আন্তর্জাতিক বিনোদন ও সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: