কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ১৮ থানায় আটক ৬২৪

Sharmin Sultana Sharmin Sultana ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৭ PM BST কুমিল্লা ৩০ বার পঠিত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ১৮ থানায় আটক ৬২৪

collected

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে ১৮টি থানা এলাকায় বখাটেদের সম্ভাব্য আড্ডা ও অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

আটক ব্যক্তিদের তথ্য যাচাই

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের অংশগ্রহণ বাড়ায় এর নেতিবাচক প্রভাব সমাজে পড়ছে। অভিযানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের সম্পর্কে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।

তাদের কেউ আগে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল কি না, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

১৮ থানায় একযোগে অভিযান

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়েছে। কুমিল্লা নগরীসহ প্রতিটি থানার যেসব এলাকায় বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানেও অভিযান পরিচালনা করা হয়। এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: