Picture : Internet
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সুয়াগাজী বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর ধরে এসব স্থাপনা সওজের জায়গা দখল করে ছিল। সুয়াগাজী বাজার এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অভিযানের প্রথম দিনেই প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিহ্নিত বাকি অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে আগামী কয়েক দিনের মধ্যে উচ্ছেদ করা হবে।
সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান বলেন, সওজের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারীদের আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার পরও অনেকে স্থাপনা সরিয়ে না নেওয়ায় নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
অভিযান চলাকালে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা সরিয়ে দেওয়া হয়। বাকি স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে সওজের জায়গা দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।