ব্রেকিং

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

Sharmin Sultana Sharmin Sultana ১০ অক্টোবর ২০২৬, ৩:৩০ PM BST খুলনা ৫৫ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

collected

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তের বাংলাদেশ অংশে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আহত ব্যক্তির নাম-পরিচয়, কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পাল্টা ফায়ার করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারি ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: