collected
টাঙ্গাইলের মধুপুরে সম্পত্তির অংশ লিখে না দেওয়াকে কেন্দ্র করে দাদা-দাদিকে মারধর করে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গিটিস নকরেক নামে এক তরুণের বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পাহাড়ি জনপদ ধরাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও গিটিস নকরেকের আত্মীয় অবিনাশ নকরেক জানান, গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক রীতিতে পরিবারের সম্পত্তির মালিকানা মায়ের হাতে থাকে। গিটিসের মা শাপলী নকরেক প্রায় এক যুগ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। গিটিসের তিন বোন ঢাকায় থাকেন। বাড়িতে তার বৃদ্ধ দাদা সনেন্দ্র চিরান ও দাদি সীতা নকরেক থাকেন।
অবিনাশ নকরেকের ভাষ্য, গিটিস স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। তবে নেশাগ্রস্ত হয়ে পড়ায় তিনি পরীক্ষায় অংশ নেননি। কয়েক দিন ধরে তিনি মায়ের সম্পত্তির অংশ তার নামে লিখে দেওয়ার জন্য দাদা-দাদিকে চাপ দিয়ে আসছিলেন। তবে গারো ভূমি আইন অনুযায়ী তিনি ওই সম্পত্তির অংশ পাবেন না বলে তাকে জানানো হয়।
এতে ক্ষুব্ধ হয়ে রোববার ভোররাতে গিটিস দাদা-দাদিকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন অবিনাশ নকরেক।
আগুনে ঘরে থাকা ধান-চাল, কাপড়চোপড়, বাসনকোসন ও আসবাবপত্র পুড়ে যায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলে জানা গেছে।