মেসির বিদায়ের পর উরুগুয়ের বিপক্ষে নামতে পারে আর্জেন্টিনা

Pinky Saha Pinky Saha ১৫ অক্টোবর ২০২৬, ৪:৪৬ PM BST ৩০ বার পঠিত
মেসির বিদায়ের পর উরুগুয়ের বিপক্ষে নামতে পারে আর্জেন্টিনা

Photo Collected

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আবেগঘন মুহূর্ত পেরিয়ে এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ আয়োজনের জন্য প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত করতে কাজ করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ম্যাচটি বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে হতে পারে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রিও দে লা প্লাতা ডার্বির উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আবারও মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও উরুগুয়ে। বোকা জুনিয়র্সের হোম ভেন্যু লা বোম্বোনেরায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এটি হতে পারে আর্জেন্টিনার দ্বিতীয় প্রীতি ম্যাচ। এএফএর পরিকল্পনা অনুযায়ী, প্রথম ম্যাচটি দেশের অন্য কোনো স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে। সেই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় রয়েছে কোস্টারিয়া। তবে দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর রিভার প্লেটের মাঠে বুর্কিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় তুলে নেয় তারা। এরপর মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টাইনরা।

বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল লিওনেল মেসির জন্য বিশেষ এক মুহূর্ত। মনুমেন্তাল স্টেডিয়ামে দর্শকদের ভালোবাসা ও আবেগঘন পরিবেশের মধ্যে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই আবেগ কাটতে না কাটতেই এবার নতুন আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি।

আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতি। এই সময়ে উরুগুয়ের বিপক্ষে সম্ভাব্য ম্যাচটি অনুষ্ঠিত হলে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হবে। বিশেষ করে লা বোম্বোনেরার মতো ঐতিহাসিক ভেন্যুতে ম্যাচটি হলে আর্জেন্টাইন সমর্থকদের আগ্রহও থাকবে তুঙ্গে।

তবে উরুগুয়ের বিপক্ষে সম্ভাব্য ম্যাচসহ নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পুরো সূচি এখনো চূড়ান্ত হয়নি। এএফএর আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী আন্তর্জাতিক পরীক্ষার পূর্ণাঙ্গ চিত্র।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: