বিগ ব্যাশে আবারও রিশাদ, জাম্পার সঙ্গে গড়বেন স্পিন জুটি

Pinky Saha Pinky Saha ১৫ অক্টোবর ২০২৬, ৪:৫৬ PM BST ৩২ বার পঠিত
বিগ ব্যাশে আবারও রিশাদ, জাম্পার সঙ্গে গড়বেন স্পিন জুটি

Photo Collected

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ১৬তম আসরেও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে দলে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী মৌসুমে হোবার্টের স্পিন আক্রমণে রিশাদের সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

বিগ ব্যাশে অভিষেক মৌসুমেই নজর কেড়েছিলেন রিশাদ। গত আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচ খেলে ১৫ উইকেট নেন তিনি। ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে বোলিং করা রিশাদের সেরা পারফরম্যান্স ছিল ২৬ রানে ৩ উইকেট। দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন বাংলাদেশের এই লেগ স্পিনার।

রিশাদকে ধরে রাখার ক্ষেত্রে তাঁর নিজের আগ্রহও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস। তাঁর মতে, গত মৌসুমে হোবার্টে সময়টা উপভোগ করার পাশাপাশি রিশাদ আবারও দলটির হয়ে খেলতে চেয়েছেন। ফলে তাঁকে দলে ফেরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

হোবার্ট এবার দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা সাদা বলের বোলার অ্যাডাম জাম্পাকে। ফলে আগামী মৌসুমে একই দলে দেখা যাবে জাম্পা ও রিশাদের মতো দুই লেগ স্পিনারকে। দুজনের বোলিংয়ের ধরন ও দক্ষতার পার্থক্য দলকে মাঝের ওভারগুলোতে বাড়তি বিকল্প দেবে বলে মনে করছেন হোবার্টের কর্মকর্তারা।

রিশাদের বিশেষত্ব হলো মাঝের ওভারে উইকেট নেওয়ার সামর্থ্য। গত মৌসুমে বিগ ব্যাশে প্রথমবার খেলেই প্রতিটি ম্যাচে অংশ নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাও তাঁর পারফরম্যান্সে ফুটে উঠেছে।

এর আগে বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে রিশাদকে প্রথমবার দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচির কারণে সেবার অস্ট্রেলিয়ায় গিয়ে খেলা হয়নি তাঁর। পরের মৌসুমে সুযোগ পেয়ে সেটি কাজে লাগান এই বাংলাদেশি লেগ স্পিনার। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই আরও এক মৌসুমের জন্য হোবার্টে থাকছেন রিশাদ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: