Photo Collected
ঠাসা সূচির কারণে পেস বোলারদের ইনজুরি এড়াতে গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টের জন্য ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ।
বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সাদা ও লাল বল মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ১২টি ম্যাচ খেলবে ভারত। সামনে ব্যস্ত সূচি থাকায় পেসারদের ওপর চাপ কমাতে বড় একটি বোলিং গ্রুপ প্রস্তুত রাখা হচ্ছে।
ভারতের পেস বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বোলারকে খেলানোর জন্য একটি বড় গ্রুপ তৈরি করা হয়েছে। সময়ের সঙ্গে বিভিন্ন পরিবেশ ও পিচ সম্পর্কে ধারণা পাওয়ার পর প্রধান বোলারদেরও নির্ধারণ করা হবে।
মর্কেলের পরিকল্পনায় আর্শদীপ সিংও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর মতে, আর্শদীপের দক্ষতা ও পরিশ্রমের কারণে বিভিন্ন পরিবেশে খেলার সক্ষমতা রয়েছে এবং লাল বলের ক্রিকেটেও তিনি ভালো করতে পারবেন।
ভারতীয় দলের বোলিং কোচ জানিয়েছেন, প্রত্যেক বোলারকে তাঁদের কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে, তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। কয়েকজনকে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলিয়ে প্রস্তুত করা হচ্ছে। ৫০ ওভারের ক্রিকেট ও টেস্টে ঘুরিয়ে-ফিরিয়ে বোলারদের ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
এই পরিকল্পনার মধ্যে জসপ্রীত বুমরাহও রয়েছেন। দীর্ঘ ক্রিকেট সূচিতে পেসারদের ইনজুরি ও অতিরিক্ত workload সামলে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা বোলারদের সার্ভিস নিশ্চিত করতেই এই পরিকল্পনা করা হচ্ছে।