চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের ইতিহাস, ভাঙলেন মেসির রেকর্ড

Pinky Saha Pinky Saha ১৫ অক্টোবর ২০২৬, ১:১০ PM BST ৫৮ বার পঠিত
চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের ইতিহাস, ভাঙলেন মেসির রেকর্ড

সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৭ বছর বয়সে প্রতিযোগিতাটিতে ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর মধ্য দিয়ে লিওনেল মেসির গড়া একটি রেকর্ড ভেঙে দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

গত বুধবার (১৪ অক্টোবর) রোমার মাঠে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এবার ২৭ বছর বয়সে সেই মাইলফলক ছুঁয়ে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে।

রোমার বিপক্ষে করা গোলটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের ক্যারিয়ারের ৭২তম গোল। এর ফলে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেজকে পেছনে ফেলে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

২০১৬ সালের সেপ্টেম্বরে মাত্র ১৭ বছর বয়সে মোনাকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল এমবাপ্পের। গত মৌসুমে ১৫ গোল করে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। এ ছাড়া অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন এই ফরাসি তারকা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: