Photo Collected
বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে তাঁকে ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল। তবে সিরিজ শুরুর আগে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে চোটে পড়েন নিশাঙ্কা। এ কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু সেখানেও খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি এই ওপেনার। এর আগে গত আগস্টে কব্জির চোটের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।
নিশাঙ্কার পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন আরেক ওপেনার লাহিরু উদারা। বর্তমানে তিনি শ্রীলঙ্কার ওয়ানডে দলের সঙ্গে পাকিস্তানে রয়েছেন। ত্রিদেশীয় সিরিজেও নিশাঙ্কার বদলি হিসেবে উদারাকেই দলে নেওয়া হয়েছিল। নিশাঙ্কার অনুপস্থিতিতে আসন্ন টেস্ট সিরিজে শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটিংয়ে পরিবর্তন আনতে হবে দলটিকে।