ছবি: সংগৃহীত
কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। তবে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল পাকিস্তান।
মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে কুশাল মেন্ডিসের ব্যাটিং তাণ্ডবে মাত্র ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৪৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কুশাল।
এই ইনিংসের পথেই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন কুশাল মেন্ডিস। ম্যাচের আগে ২ হাজার ৭৮৪ রান নিয়ে শীর্ষে ছিলেন পাথুম নিশাঙ্কা। পাকিস্তানের বিপক্ষে ৮৭ রান করে তাকে ছাড়িয়ে কুশালের সংগ্রহ দাঁড়িয়েছে ২ হাজার ৭৯১ রানে। দলের জয়ে কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। সিনেথ জয়াবর্ধনে করেন ২৬ বলে ২৮ রান।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৮২ রান করেও ৪ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ২১৫ রান করে ৮২ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে। শেষ ম্যাচে কুশাল মেন্ডিসের রেকর্ড ও দুর্দান্ত ব্যাটিংয়ে অবশ্য সান্ত্বনার জয় নিয়ে সিরিজ শেষ করেছে শ্রীলঙ্কা।