বাংলাদেশ সিরিজে বিশ্রামে সাই হোপ, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নতুন মুখ

Pinky Saha Pinky Saha ১৪ অক্টোবর ২০২৬, ২:০০ PM BST ৩১ বার পঠিত
বাংলাদেশ সিরিজে বিশ্রামে সাই হোপ, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নতুন মুখ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা হয়নি সাদা বলের ক্রিকেটে দলটির অধিনায়ক সাই হোপের। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে শারীরিক ধকল ও চোটের ঝুঁকি বিবেচনায় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন পেসার আলজারি জোসেফ। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল।

এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন কেভিন উইকহ্যাম। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করেছিলেন এই ব্যাটার। এ ছাড়া ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ ৪০.৮৮ গড়ে রান করেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেলও চোট কাটিয়ে দলে ফিরেছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে আলজারি জোসেফকে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টানা দুই টেস্টে দীর্ঘ সময় ধরে বোলিং করার শারীরিক চাপ ও চোটের ঝুঁকি এ সিদ্ধান্তের অন্যতম কারণ। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর খেলার সম্ভাবনা পুরোপুরি বাতিল করা হয়নি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই দুই ম্যাচের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: