নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার মনে করেন রোনালদো, সাক্ষাৎকার মুছে দিল সিএনএন

Pinky Saha Pinky Saha ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ AM BST ১৬৩ বার পঠিত
নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার মনে করেন রোনালদো, সাক্ষাৎকার মুছে দিল সিএনএন

ছবি: সংগৃহীত

নিজেকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর দাবি, মাঠে নিজের পারফরম্যান্স ও গোলের রেকর্ড অনুযায়ী প্রাপ্য স্বীকৃতি পান না তিনি। সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন আল নাসরের এই তারকা। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসার পর ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দ্য অ্যাথলেটিক ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারের অংশে রোনালদো বলেন, তিনি যে মানের ফুটবল খেলেন এবং যেসব গোল করেন, মানুষ সেগুলোর যথাযথ মূল্যায়ন করে না। ক্লাব ও পর্তুগাল জাতীয় দল মিলিয়ে ১ হাজার ৩৩৭টি পেশাদার ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৮০।

ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো জানান, সবকিছু স্বাভাবিকভাবে এগোতে চান তিনি। ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোল করলেও ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে মনে করেন বলে মন্তব্য করেন এই পর্তুগিজ তারকা। তবে ১ হাজার গোল করতে পারলে সেটিকে অসাধারণ অর্জন হিসেবে দেখবেন তিনি। এ লক্ষ্যেই কাজ করছেন বলেও জানান।

ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে অবসরের সম্ভাবনাও উড়িয়ে দেননি রোনালদো। তাঁর ভাষ্য, আগামীকাল কী হবে, তা তিনি জানেন না। একদিন ঘুম থেকে উঠে প্রেরণা হারিয়ে ফেলতে পারেন এবং তখন আর খেলতে চাইবেন না—এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

তবে সাক্ষাৎকার ঘিরে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে কয়েক ঘণ্টা পর। প্রতিবেদন অনুযায়ী, সিএনএন তাদের ওয়েবসাইট থেকে রোনালদোর সাক্ষাৎকারের লেখা মুছে ফেলে। কেন সাক্ষাৎকারটি সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে আল নাসরের পরবর্তী ম্যাচ ১৬ অক্টোবর। সৌদি প্রো লিগের ওই ম্যাচে আল আহলির মুখোমুখি হবে রোনালদোর দল।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: