ব্রেকিং

মহাখালী টার্মিনালের অলস বাস সরছে ৩০০ ফিটের ডিপোতে

Sharmin Sultana Sharmin Sultana ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ AM BST ঢাকা জেলা সদর ৫২ বার পঠিত
মহাখালী টার্মিনালের অলস বাস সরছে ৩০০ ফিটের ডিপোতে

collected

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের যানজট ও বিশৃঙ্খলা কমাতে অলস বাসগুলো পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ডিপোতে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে টার্মিনালে বর্তমানে শুধু চলাচলরত বাস রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাকক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক জুবায়ের বলেন, মহাখালী এলাকার যানজট কমাতে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। টার্মিনালের সামনের সড়কে যত্রতত্র বাস পার্কিং কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৩০০ ফিট এলাকায় বাস রাখার ব্যবস্থা

ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞা বলেন, অলস সময়ে বাসগুলো যতটা সম্ভব টার্মিনালের ভেতরে রাখতে হবে। বাইরে রাখতে হলে চালক, হেলপার বা সংশ্লিষ্টদের বাসের ওপর নজর রাখতে হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাখালী বাস টার্মিনালের ডিপো পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। সেখানে প্রায় ১৫০টি বাস রাখার অবকাঠামো তৈরি করা হয়েছে। নির্ধারিত সময়ে সেখান থেকে বাসগুলো মহাখালীতে এসে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মহাখালী টার্মিনালে বাস আসে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে টার্মিনাল এলাকায় যানজট ও বিশৃঙ্খলা তৈরি হয়। টার্মিনালের ধারণক্ষমতার অতিরিক্ত বাস সাময়িকভাবে রাখার জন্য পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জায়গা দেওয়া হয়েছে।

অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

সাম্প্রতিক সময়ে কয়েকটি বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে পুলিশ পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ডিসি তারেক জুবায়ের বলেন, সবাই সচেতন ও সতর্ক থাকলে বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা প্রতিরোধ করা সম্ভব। প্রতিটি বাসে ছোট আকারের ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্যও পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞা বলেন, নির্জন বা দূরের স্থানে রাখা বাসে অগ্নিসংযোগের ঝুঁকি তুলনামূলক বেশি থাকায় এসব গাড়ির ক্ষেত্রে বিশেষ নজরদারি প্রয়োজন।

টার্মিনাল ব্যবহারে পরিবর্তন

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, মহাখালী বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার না করে মূলত যাত্রী ওঠানামার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বিত উদ্যোগে টার্মিনালের সামনের সড়কে বাস পার্কিং কমানো এবং অলস বাস নির্ধারিত ডিপোতে সরিয়ে নেওয়ার মাধ্যমে যানজট ও বিশৃঙ্খলা কমানোর চেষ্টা চলছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: