মহেশখালীতে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ

Sharmin Sultana Sharmin Sultana ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ AM BST কক্সবাজার ২৯ বার পঠিত
মহেশখালীতে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ

collected

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে ফয়সাল (২৬) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ রিফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ফয়সাল পূর্ব ফকিরাঘোনা এলাকার বাদশাহ মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোররাতে স্থানীয় কেফায়ত উল্লাহর বাড়িতে ফয়সালকে চোর সন্দেহে আটক করা হয়। পরে সকালে তাকে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা। তার পিঠের ওপর কয়েকটি ইট রাখা অবস্থায় তাকে মারধর করা হচ্ছে। ভিডিওতে আশপাশে বেশ কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, একপর্যায়ে ফয়সাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ হাসপাতাল থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর বলেন, ভোররাতে চুরি করতে গিয়ে ফয়সাল ধরা পড়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। তবে চুরির অভিযোগ থাকলেও এভাবে নির্যাতন করে কাউকে হত্যা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে নিহতের বাবা বাদশাহ মিয়া বলেন, তার ছেলে দিনমজুরের কাজ করতেন। চোর সন্দেহে তাকে প্রকাশ্যে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, চোর সন্দেহে আটক এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ওসি আরও বলেন, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি তদন্তে সহায়ক হবে। ভিডিও বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: