মিরপুরে উচ্ছেদ পরিস্থিতি দেখতে বিকেল ৫টায় ঘটনাস্থলে শফিকুর রহমান

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৩ PM BST ৩২ বার পঠিত
মিরপুরে উচ্ছেদ পরিস্থিতি দেখতে বিকেল ৫টায় ঘটনাস্থলে শফিকুর রহমান

collected

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন মিরপুর-১৫ আসনের সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তিনি ঘটনাস্থলে যাবেন বলে জানা গেছে।

এর আগে বুধবার সকালে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ নম্বর এলাকার হোপ মার্কেট পর্যন্ত ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদস্যরা অংশ নেন। এ সময় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের মধ্যে সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার পর উচ্ছেদ অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসইভাবে সমস্যার সমাধানের কথা বলেছেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজ নেবেন বলে জানানো হয়েছে। এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: