মোদির জন্মদিনে ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের

Pinky Saha Pinky Saha ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ AM BST ২৩ বার পঠিত
মোদির জন্মদিনে ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সামাজিক উদ্যোগে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে ২০টি স্কুল উন্নয়নের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।

পোস্টে আলিয়া ভাট লেখেন, নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার আগামী বছর সুস্বাস্থ্য ও সাফল্যে ভরে উঠুক—এমন কামনা করেন তিনি। একই সঙ্গে ‘সেবা সংকল্প অভিযান’-এর সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী।

আলিয়া জানান, বিশেষ দিনটি উপলক্ষে এবং এই উদ্যোগের সমর্থনে তিনি ও রণবীর কাপুর মুম্বাইয়ের নাগরিক সংস্থা বিএমসির (BMC) সুপারিশ অনুযায়ী ২০টি স্কুল নতুন করে উন্নত করার প্রতিশ্রুতি নিয়েছেন। এর মাধ্যমে শিশুদের শিক্ষা ও বেড়ে ওঠার জন্য আরও উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশ তৈরিতে সহায়তা করার কথা জানিয়েছেন তারা।

‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচিটির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ৯ সেপ্টেম্বর এই কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির আওতায় রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান, জনসংযোগসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।

এদিকে কাজের দিক থেকে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। ছবিটিতে তাদের সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল। সিনেমাটি আগামী বছর ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতেও আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। সেই সিনেমার কাজও বর্তমানে এগিয়ে চলছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: