মৌলভীবাজারের আটাইকিরি পদ্মবিলে ফুটেছে সাদা-গোলাপি পদ্ম

Sharmin Sultana Sharmin Sultana ১১ অক্টোবর ২০২৬, ১১:০৮ AM BST সিলেট ১৩৮ বার পঠিত
মৌলভীবাজারের আটাইকিরি পদ্মবিলে ফুটেছে সাদা-গোলাপি পদ্ম

collected

আশ্বিন মাসের উজ্জ্বল দুপুর। রোদে ঝকঝক করছে গ্রামীণ সড়কের দুই পাশের বিশাল আমন ধানের খেত। যত দূর চোখ যায়, মাঠের শেষ সীমানা পর্যন্ত সবুজের সমারোহ। সেই সবুজের বুকেই দূর থেকে চোখে পড়ে অন্য রঙের ছোপ। কাছে গেলে দেখা যায়, ধানখেতের মাঝখানে জলাভূমিজুড়ে ফুটে আছে অসংখ্য পদ্মফুল। প্রকৃতি যেন সবুজের ক্যানভাসে এঁকেছে সাদা-গোলাপি রঙের নকশা।

এই মনোরম দৃশ্যের দেখা মিলবে মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের রতনপুর-বীরগাঁও গ্রামে। জেলা শহর থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া পাকা সড়ক থেকে বেশ দূরে ধানখেতের মাঝখানে রয়েছে জলাভূমিটি। সেখানে পৌঁছাতে হয় ধানখেতের সরু আলপথ ধরে।

সম্প্রতি বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, কয়েক দিন বৃষ্টি না হওয়ায় খেতের আলগুলো শুকিয়ে গেছে। কোথাও কোথাও ঘাসে ঢাকা আলের পাশে আগাছা বেছে জমা করে রাখা হয়েছে। রোদে শুকিয়ে সেগুলো খড়ের মতো হয়ে আছে। এসব আলপথ পেরিয়ে জলাভূমির কাছে পৌঁছালেই চোখে পড়ে বিস্তীর্ণ পদ্মবিল।

স্থানীয়ভাবে জলাভূমিটি ‘আটাইকিরি পদ্মবিল’ নামে পরিচিত। বিলের বিস্তীর্ণ অংশজুড়ে ফুটে আছে অসংখ্য পদ্মফুল। তবে পাড়ের কাছাকাছি রয়েছে মূলত পদ্মপাতা, শাপলা ও শালুক। ফুলের দেখা বেশি মেলে বিলের গভীর অংশে। সাদা ও গোলাপি পদ্মের পাশাপাশি কোথাও কোথাও দেখা যায় সাদা শাপলা। ফুলের ফাঁকে রয়েছে ছোট-বড় কলি। কিছু পদ্মফুলের পাশে ভাসছে কচি ও পরিপক্ব পদ্মফল।

বিলের পানিতে তখন একা ছিলেন স্থানীয় তরুণ নয়ন সরকার। গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে তিনি জলাভূমিতে এসেছিলেন। হাঁটুপানিতে নৌকা ঠেলে বিলের আরও গভীরে যাচ্ছিলেন তিনি। নয়ন সরকার জানান, বর্ষার শুরু থেকেই আটাইকিরি পদ্মবিলে ফুল ফুটতে শুরু করে। বোরো ধানের চাষ শুরু হওয়া পর্যন্ত এখানে পদ্ম থাকে। প্রতিবছরই বিলটিতে এমন ফুল ফোটে। তবে পানির স্বল্প গভীরতার জায়গাগুলোর অনেক ফুল মানুষ তুলে নিয়ে গেছেন।

বিলের দিকে তাকালে দেখা যায়, পানির ওপর থেকে উঁচু হয়ে থাকা পদ্মফুল বাতাসে দুলছে। দু-একটি ভ্রমর ফুলের আশপাশে উড়ছে। কোথাও পদ্মের কলি ফুটতে প্রস্তুত, কোথাও পূর্ণ প্রস্ফুটিত ফুলের পাশে দেখা যাচ্ছে পদ্মফল। সব মিলিয়ে ধানখেতের মাঝখানে এই জলাভূমি গ্রামীণ প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য তুলে ধরেছে।

প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় বর্তমানে অনেক জায়গায় পদ্মের এমন বিস্তৃত উপস্থিতি আর সহজে চোখে পড়ে না। পদ্ম একটি কন্দজাতীয় জলজ উদ্ভিদ। পুরোনো পুকুর, বিল, হ্রদ, হাওর ও অন্যান্য জলাভূমির কাদামাটিতে এর জন্ম হয়। গাছের মূল বা কন্দ থাকে পানির নিচের মাটিতে, আর পাতা ও ফুল বেড়ে ওঠে পানির ওপরে। পানির উচ্চতা বাড়লে গাছও বাড়তে পারে।

পদ্মের পাতা সাধারণত বড়, পুরু ও গোলাকার। ফুল সাদা ও গোলাপি রঙের হয়ে থাকে। বর্ষা ও শরৎকালে পদ্ম ফোটে। তবে শরৎকালে এর ফুল বেশি দেখা যায় এবং হেমন্তকাল পর্যন্ত তা থাকতে পারে। মৌলভীবাজারের আটাইকিরি পদ্মবিলের দৃশ্য তাই শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ নয়, গ্রামীণ জলাভূমির জীববৈচিত্র্য ও প্রকৃতির স্বাভাবিক রূপেরও পরিচায়ক।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: