নায়কের স্ত্রী পছন্দ না করায় সিনেমা থেকে বাদ, তাপসীর বিস্ফোরক দাবি

Pinky Saha Pinky Saha ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ PM BST ২৮ বার পঠিত
নায়কের স্ত্রী পছন্দ না করায় সিনেমা থেকে বাদ, তাপসীর বিস্ফোরক দাবি

ছবি: সংগৃহীত

বলিউডে ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি একাধিক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। কখনো সিনেমায় চূড়ান্ত হওয়ার পরও বাদ পড়েছেন, আবার কখনো কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করে জানানো হয়নি। এমনকি একবার নায়কের স্ত্রী তাকে পছন্দ না করায় সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় নিজের এমন অভিজ্ঞতার কথা জানান তাপসী। অভিনেত্রীর ভাষ্য, ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রিতে নতুন থাকায় শুটিংয়ের সময় অনেক বিষয়কেই তিনি কাজের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিতেন। তবে সিনেমা মুক্তির পর বুঝতে পেরেছেন, সেসব বিষয় সবসময় স্বাভাবিক ছিল না।

একটি সিনেমা থেকে বাদ পড়ার প্রসঙ্গে তাপসী জানান, ছবিটির জন্য তিনি নিজের শুটিংয়ের তারিখও দিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তাকে সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে বিষয়ে তাকে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

তাপসী বলেন, তাকে জানানো হয়েছিল, সিনেমার নায়কই তাকে বাদ দিয়েছেন। তবে এর কারণ সম্পর্কে তাকে কিছু বলা হয়নি। বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই নানা কারণ অনুমান করতে থাকেন। তার ধারণা ছিল, নায়কের হয়তো কোনো ধরনের নিরাপত্তাহীনতা কাজ করতে পারে কিংবা তিনি এমন কাউকে চাইতে পারেন, যার সঙ্গে তার বেশি ঘনিষ্ঠতা রয়েছে। তবে এসবই তার নিজের অনুমান; প্রকৃত কারণ তাকে জানানো হয়নি।

এটি অবশ্য তাপসীর প্রথম এমন অভিজ্ঞতা নয়। ২০২১ সালে সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, একটি সিনেমার জন্য তাকে চূড়ান্ত করা হলেও পরে বাদ দেওয়া হয়। এমনকি সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টি তিনি সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পেরেছিলেন।

তাপসী জানান, পরে তাকে ফোন করে ক্ষমা চাওয়া হলেও কেন তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল, সেই প্রকৃত কারণ জানাতে নির্মাতারা তখনও দ্বিধায় ছিলেন। ঘটনাটি ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমাকে ঘিরে বলে মনে করা হয়। শেষ পর্যন্ত ছবিটিতে অভিনয় করেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও অনন্যা পাণ্ডে।

তখনও সিনেমা থেকে তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন তাপসী। তবে প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই চরিত্রের জন্য একাধিক অভিনেত্রীর কথা ভাবা হয়েছিল এবং তাপসীর সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

তবে তাপসীর ক্যারিয়ারে সিনেমা থেকে বাদ পড়ার সবচেয়ে অস্বস্তিকর কারণগুলোর একটি ছিল নায়কের স্ত্রীকে ঘিরে। অভিনেত্রীর ভাষ্য, তাকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছিল—‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ কেন ওই নারী তাকে পছন্দ করতেন না, তা অবশ্য তাপসীর কাছেও স্পষ্ট ছিল না।

তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের সিনেমা ‘গান্ধারী’-তে। ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: